মহামারি করোনা ভাইরাসের শক্তিশালী ধরন ডেল্টার চেয়েও দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন ভ্যারিয়েন্ট। এরই মধ্যে যারা কোভিড প্রতিরোধী ভ্যাকসিন নিয়েছেন তারাও রোগটির নতুন এই ধরনে সংক্রমিত হচ্ছেন। এমনকি যারা করোনা থেকে সুস্থ হয়েছেন তারাও নাকি ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে।
সোমবার (২০ ডিসেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তথ্যটি জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্যসংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানোম গেব্রেইয়েসুস।
তিনি বলেছেন, ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় উল্লেখযোগ্যভাবে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে ওমিক্রন। বিজ্ঞানীদের কাছে এর ধারাবাহিক প্রমাণ রয়েছে।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ওমিক্রনের কারণে নতুন করে বিশ্বের বিভিন্ন দেশ কঠোর লকডাউন বহাল করতে বাধ্য হচ্ছে। এর মধ্যে নেদারল্যান্ডস হল ইউরোপের প্রথম কোনো দেশ যারা ফের লকডাউন আরোপ করেছে।
এছাড়া ফ্রান্স, সাইপ্রাস, অস্ট্রিয়া এবং জার্মানি ভ্রমণ নিষেধাজ্ঞা কঠোর করেছে। কোনো কোনো দেশ আবার বাতিল করেছে ক্রিসমাস বা বড়দিনের উৎসব।
কানাডার দ্বিতীয় সর্বাধিক জনবহুল প্রদেশ কুইবেকে জিম, বার এবং ক্যাসিনো বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া জনগণকে বাড়ি থেকে কাজ করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।
অপরদিকে সতর্কতা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘নো-ফ্লাই’ এর তালিকায় যুক্ত করেছে মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, করোনার শক্তিশালী ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে ব্রিটেনে এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। আর যুক্তরাজ্যের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতে রয়েছেন আরও শতাধিক লোক। প্রতিবেশী অনেক দেশের তুলনায় সেখানে ওমিক্রন দ্রুত গতিতে ছড়াচ্ছে। এদিকে মহামারি করোনা ভাইরাসের প্রথম ঢেউয়ের চরম আঘাত থেকে শিক্ষা নিয়ে ইউরোপের দেশ ইতালি আগে থেকেই কড়াকড়ি আরোপ করতে চলেছে।
দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারতেও এরই মধ্যে ওমিক্রন শনাক্ত হয়েছে। দেশটি ইতোমধ্যে একটি ‘লাল তালিকা’ তৈরি করেছে। যেখানে ঝুঁকিপূর্ণ হিসেবে যুক্তরাজ্য, গোটা ইউরোপ, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, জিম্বাবুয়ে, বতসোয়ানা, ইসরায়েল, মরিশাস, নিউজিল্যান্ড, হংকং, সিঙ্গাপুর ও এশিয়ার পরাশক্তি চীনকে উল্লেখ করা হয়েছে।
এদিকে বাংলাদেশেও দুজন নারী ক্রিকেটার ওমিক্রন ভ্যারিয়েন্টে সংক্রমিত হয়েছিলেন। সম্প্রতি জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরলে তাদের শরীরে ওমিক্রন শনাক্ত হয়। যদিও এরই মধ্যে তারা সুস্থ হয়ে উঠেছেন।
বিশ্লেষকদের মতে, গত নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো শনাক্ত হয় করোনা ভাইরাসের শক্তিশালী নতুন ধরন ওমিক্রন। এরপর তা দ্রুত গতিতে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে। আগের ধরনগুলোর তুলনায় ওমিক্রন অনেক বেশি সংক্রামক হলেও এটি ঠিক কতটা গুরুতর অসুস্থ করে, তা এখনও নিশ্চিত নয়।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে এশিয়ার পরাশক্তি চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ প্রাণঘাতী ভাইরাসটিকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্যসংস্থা (ডব্লিউএইচও)। এর আগে একই বছরের ২০ জানুয়ারি সংস্থাটি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে।